পঞ্চগড়ে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি রাখা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা প্রকৃতপক্ষে যোগ্য, তারাই এই সুবিধা পাবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে বোদা উপজেলার পাঁচপীর এলাকায় প্রায় দুই হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, “এই কার্ড বিতরণে কারা অন্তর্ভুক্ত হয়েছেন তা ব্যক্তিগতভাবে আমি জানি না। কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন স্তরের যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করেছে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। একইভাবে সারাদেশে চার কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন হয়েছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আরও ৫০ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।
দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, বরং সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও যোগ করেন, ক্ষতিগ্রস্ত ও প্রকৃত উপকারভোগীদের সহায়তা প্রদানে কোনো দলীয় বিবেচনা করা হবে না। যোগ্য ব্যক্তিরাই যেন সুবিধা পান, সেটাই আমাদের অগ্রাধিকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









