সিরাজগঞ্জের তাড়াশে একটি ধানক্ষেত থেকে নিখোঁজ রিপন হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। নিহত রিপন উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ড পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মান্নান নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রিপন উল্লাপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় তার শ্বশুরবাড়িতে আসেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মান্নান নগর মেইন রোডে নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, নিখোঁজ হওয়ার পর থেকে রিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









