মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৫৮ দিন পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, “টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হইতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর কর্তৃক।”
তিনি আরো বলেন, “সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ। নিষিদ্ধকালীন সময়ে সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ দন্ডনীয় অপরাধ; নিষেধাজ্ঞা অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান।
সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় অনেক জেলে রয়েছে যারা সামুদ্রিক মৎস্য আহরণের সাথে যুক্ত দাতিনাখালী গ্রামের জেলে আজগর আলী বলেন, ৫৮ দিন সামুদ্রিক মৎস্য আহরণ বন্ধ থাকায় অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন সময়ে নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতিবছরের ন্যায় এবারও জেলেরা ভিজিএফের চাল পাবেন।”
জানা যায় শ্যামনগর উপজেলায় সমুদ্রগামী ৮ হাজার ৩২৪ জন জেলের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ৬৪৩.৬৯৫ মেট্রিক টন চাল মানবিক সহায়তা হিসাবে পাবেন। উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্ধ করা হবে এ সহায়তা।
ইউনিয়ন পরিষদে নির্ধারিত ট্যাগ অফিসারের উপস্থিতিতে জেলেদের মধ্যে এই চাল বিতরণ করা হবে। প্রত্যেক জেলে মাথাপিছু ৪০ কেজি হারে ৫৮ দিনের জন্য ৭৭.৩৩ কেজি চাল পাবেন।
শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “৫৮ দিন সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধের বিষয়টি বিভিন্ন আড়তে, গ্রামে ও জনবহুলস্থানে প্রচার প্রচারণা করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









