কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট, মদ ও গাঁজাসহ অন্যান্য অবৈধ সামগ্রী (যার মূল্য প্রায় ৩৭ লাখ ২১ হাজার ২০০ টাকা) জব্দ করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে জব্দ করে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালনের সময় বিওপিগুলোর টহল দল চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে চল্লিশপাড়া বিওপি বৃহস্পতিবার ভোরে ২ হাজার ৪৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২ হাজার ৫৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। কাজিপুর বিওপি এদিন রাত ২টার দিকে ২৬ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার মূল্য ৪ লাখ ৮৯ হাজার টাকা।
অপরদিকে, ঠোটারপাড়া বিওপি বুধবার (১৫ এপ্রিল) রাতে ১ কেজি গাঁজা, ৮ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ, ১ হাজার পিস ডেক্সামেথাসন এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ৪ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা। পশ্চিম ধর্মদাহ বিওপির অভিযানে ১ হাজার ৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৭০ পিস ইয়াবা এবং ১০ বোতল মদ জব্দ করে। যার মূল্য ৩ লাখ ৪৮ হাজার টাকা।
এছাড়া চরচিলমারী বিওপি বুধবার রাতের অভিযানে ১ হাজার ৫৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য ৯ লাখ টাকা। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









