ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে মো. মিনাল শরীফ নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের কান্দারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের কয়েকটি এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে মানিকদহ ইউনিয়নের কান্দারবাড়ি এলাকায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে উপরিভাগের মাটি কাটার অপরাধে আঃ কুদ্দুস শরীফ ছেলে মো. মিনাল শরীফ কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কর্তন ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









