জামালপুরের ইসলামপুরে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া।
লিখিত অভিযোগে তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলা চালানো হয়।
এ সময় নূর ইসলামের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, তাদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
লিটন মিয়া আরও বলেন, ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি তারা। সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









