গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে গভীর রাতে রহস্যজনকভাবে বিপুল পরিমাণ বর্জ্য ফেলে যাওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের মতো স্পর্শকাতর এলাকায় এমন ঘটনায় পরিবেশবিদ ও সচেতন মহল এটিকে ‘বর্জ্য সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
বুধবার (২২ এপ্রিল) ভোরে উদ্যান কর্তৃপক্ষ ফটকের সামনে ময়লার বিশাল স্তূপ দেখতে পায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই হাতির ভাস্কর্যসংবলিত প্রবেশপথে জমে থাকা এই বর্জ্য যানবাহনের চাপে চারদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। এতে পার্কে প্রবেশে বিঘ্ন ঘটার পাশাপাশি জরুরি যান চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
উদ্যান সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, পরিকল্পিতভাবেই রাতের অন্ধকারে এ বর্জ্য ফেলা হয়েছে। চলমান বর্জ্য ভাগাড় নির্মাণকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলছে, তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের সন্দেহ। প্রাথমিকভাবে স্থানীয় সিটি করপোরেশনের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উঠেছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এত বিপুল পরিমাণ বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় অপসারণ করা তাদের পক্ষে সম্ভব নয়। যেহেতু এলাকা সিটি করপোরেশনের আওতাধীন, তাই এ দায় তাদেরই নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পরিবেশবিদদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চলের প্রবেশমুখে এভাবে বর্জ্য ফেলা শুধু আইন লঙ্ঘন নয়, বরং জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং কঠোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই ‘বর্জ্য সন্ত্রাস’ ভবিষ্যতে আরও বড় পরিবেশগত বিপর্যয়ের রূপ নিতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









