বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত বহুল আলোচিত বায়োপিক 'মাইকেল' মুক্তির আগেই কঠোর সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের মতে, ছবিটি 'অত্যন্ত একঘেয়ে' এবং টিভি সিরিয়ালের মতো দুর্বল প্রযোজনা।
পরিচালক এনটনি ফাকুয়া এবং প্রযোজক গ্রাহাম কিং-এর এই চলচ্চিত্রটি জ্যাকসনের জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ। এতে তার শৈশবের জ্যাকশন ৫-এর যাত্রা এবং ক্যারিয়ারের শুরুর দিক তুলে ধরা হলেও, জীবনের বিতর্কিত অধ্যায়গুলো পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।
সমালোচনায় বলা হয়, চলচ্চিত্রটি ইচ্ছাকৃতভাবে সব ধরনের দ্বন্দ্ব, নাটকীয়তা এবং বিতর্ক সরিয়ে ফেলেছে, ফলে গল্পটি হয়ে উঠেছে প্রাণহীন। একের পর এক দৃশ্যে শুধু জ্যাকসনের প্রতিভার প্রশংসা করা হয়, কিন্তু তার ব্যক্তিত্বের জটিলতা বা সংগ্রামের গভীরে প্রবেশ করা হয়নি।
চলচ্চিত্রে জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জ্যাফার জ্যাকসন। তবে তার অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের মতে, চরিত্রটির আবেগ প্রকাশে ঘাটতি রয়েছে এবং অভিনয় অনেকটাই একমাত্রিক। অন্যদিকে কলম্যান ডমিংগো জ্যাকসনের কঠোর বাবার চরিত্রে অভিনয় করলেও ভারি মেকআপে তাকে প্রায় চেনা যাচ্ছে না।
সহ-অভিনেতাদের মধ্যেও তেমন উজ্জ্বলতা দেখা যায়নি। ২ ঘণ্টা ৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি ২২ এপ্রিল যুক্তরাজ্যে এবং ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। তবে সমালোচকদের মতে, বহিমিয়ান র্যাপসডি-এর মতো সাফল্য পাওয়া তো দূরের কথা, এটি বরং বছরের সবচেয়ে দুর্বল চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বিলি জিন-এর মতো সৃষ্টির পেছনের শিল্পীসত্তা চলচ্চিত্রে অনুপস্থিত। ফলে কিংবদন্তি এই শিল্পীর জীবনের যে বৈচিত্র্য ও গভীরতা ছিল, তা পর্দায় ফুটে ওঠেনি।
সব মিলিয়ে, 'মাইকেল' চলচ্চিত্রটি একজন মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেও, তার শিল্পীসত্তার যথার্থ প্রতিফলন দিতে ব্যর্থ হয়েছে সমালোচকদের মতে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









