ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির খানকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর তাকে গ্রেপ্তারে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে কবির খানকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে গ্রেপ্তারের পরপরই তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন এবং আসামি হাতকড়াসহ পালিয়ে যান, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। স্থানীয়দের কাছে তিনি ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা চলমান রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক এনামুল হক খানের নেতৃত্বে একটি দল ঢাকার দোহার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক খান বলেন, পূর্বের মামলাগুলোর পাশাপাশি সাম্প্রতিক ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক মো. রফিকুজ্জামান জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে নতুন মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারের পর কবির খানকে থানায় রাখা হয়েছে এবং পরদিন সকালে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









