সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইয়াবা সেবন ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মোছা. রোকসানা (২৯) ও মো. শামীম মিয়া। রোকসানা ওই গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে এবং শামীম মিয়া মৃত কালাচান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সেবনের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার রাতে রোকসানা নিজে ইয়াবা সেবন করেন এবং শামীম মিয়ার কাছে পৌঁছে দিতে ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েন। পরে মাদক সেবন ও পরিবহনের অপরাধে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। তিনি বলেন, মাদক নির্মূলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









