বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

নেছারাবাদে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেছারাবাদের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।

উদ্বোধনী র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও অমিত দত্ত বলেন, “একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি শুধু স্বাস্থ্য নয়, এটি দেশের সামগ্রিক উন্নয়নের সাথেও সরাসরি সম্পৃক্ত। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারীসহ সকল শ্রেণির মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।”

বক্তারা আরো বলেন, অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক প্রচারাভিযান এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ/নে/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.