বাগেরহাটের শরণখোলায় জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দিনমজুর আবু হানিফ হাওলাদার (৬০) নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
আবু হানিফের পিতা আমজেদ হাওলাদার জানান, সকালে তার ছেলে হানিফ হাওলাদার তাদের জমির সীমানায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষ বাবুল হাওলাদার ও তার ছেলেরা বাঁধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা হানিফ হাওলাদারকে মারপিট ও কুপিয়ে জখম করে। ছেলের মারধর ঠেকাতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয়। পরে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









