গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেছেন, “বিগত ১৭ বছর শিক্ষার যে পদ্ধতি ছিল তা এখন পরিবর্তন হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয়, সব দিকের উন্নয়ন দরকার। শিক্ষার্থীরা যখন স্কুলে এসে পড়া-লেখার পাশাপাশি খেলাধূলা, মানসিক বিকাশ, জ্ঞান অর্জন করতে পারবে তখনই বিকাশ ঘটবে। শিক্ষার্থীদের জ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে সব দিক থেকে শিক্ষার মান উন্নয়ন হবে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য যা করার দরকার আমরা সব করবো।”
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জেলা শহরের ১০২নং বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধাধন শেষে তিনি এসব কথা বলেন।
ডা. কে. এম. বাবর বলেন, “গোপালগঞ্জের জন্য সব কিছু করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ’গোপালগঞ্জকে আলাদা দৃষ্টিতে দেখা হবে না। অন্যান্য জেলার মত একই উন্নয়ন করা হবে।’ আশা করি গোপালগঞ্জবাসী কোনো কিছু থেকেই বঞ্চিত হবে না।”
এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ৯৩ নং বেদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২ নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘা ধলইতলা সড়ক এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়কসহ ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ ৫টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৭০ লক্ষ টাকা।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌলশী মো. এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









