জামালপুরের মেলান্দহে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণার অভিযোগ তুলেছেন মেলান্দহ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী নূরুল আলম সিদ্দিকী। প্রতিপক্ষের ইন্ধনে একটি চক্র তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) সকালে মেলান্দহ রেল স্টেশনস্থ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নূরুল আলম সিদ্দিকী।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বৈধভাবে কেনা জমির একটি অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রাখা হয়েছে। জমি উদ্ধারের চেষ্টা করলে তাকে হামলা ও মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া জালালপুর এলাকায় নিজের নির্মিত একটি টিনশেড ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ তোলেন শফিকুল ইসলাম রিপন ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের পর থেকে তারা ভাড়া পরিশোধ বন্ধ করে দেন বলেও জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র তার নির্বাচনি প্রচারণাকে বাধাগ্রস্ত করতে এবং জনসমর্থন নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি এর সুষ্ঠু তদন্ত এবং যারা মিথ্যা প্রচারণা চালিয়েছে তাদের বিচার দাবি করেন।
এ সময় জেলার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









