শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “দেশে বর্তমানে যে গ্যাস সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার মত পরিস্থিতি চলছে, তা পূর্ববর্তী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। যদিও সরকারের বয়স মাত্র দুই মাস, এরপরও সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে এই অভার পূরণের জন্য গ্যাস সরবরাহের ক্ষেত্রে স্থিতিশীল আনা আমাদের আগামী দিনের কার্যক্রম যা সময়ের সাথে এর প্রতিফলন দেখতে পারবেন।”
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খানপাড়া এলাকায় লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত মিথিলা গ্রুপের টেক্সটাইল, উইভিং, অটো রাইস মিলস্সহ অন্যান্য কারখানা পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে এবং সরকারের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এতে করে দেশের রপ্তানি খাত যেমন শক্তিশালী হবে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।”
এ সময় তিনি মিথিলা টেক্সটাইল, উইভিং, অটো রাইস মিলস্ পরিদর্শনকালে মন্ত্রী কারখানার উৎপাদন প্রক্রিয়া, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক পরিবেশ সুরক্ষা প্রযুক্তির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন।
পাটমন্ত্রী বলেন, “দেশের শিল্পখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং মিথিলার মত এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









