গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সাবেক প্রতিমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক অধ্যাপক এম এ মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ২৮ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দিনটি উপলক্ষে গাজীপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মরহুমের স্মরণে মিলাদ মাহফিল, কোরআন খতম, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে।
অধ্যাপক মান্নান গাজীপুরের দক্ষিণ সালনায় ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে তিনি টঙ্গী কলেজে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন এবং একই সঙ্গে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় সম্পৃক্ত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য এবং পরবর্তীতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর প্রথম নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেন।
তার রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই থাকলেও গাজীপুরের উন্নয়ন ও স্থানীয় মানুষের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









