“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহপশপুর আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মহেশপুর আদালতের সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সায়েম ইউসুফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এনায়েত হোসেন এবং সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম খাঁনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ভাবে বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আদালত, জেলা কারাগারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম সম্প্রসারণের ফলে দিন দিন সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে।
লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবেদন কারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এ সেবার প্রতি মানুষের আস্থা ও প্রহণযোগ্যতার প্রতিফলন। সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









