গোপালগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রেমিকাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। হামলার সময় বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪) ও রেখা আক্তার (৩৫)। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামীমা জাহানের সঙ্গে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এরই জেরে মঙ্গলবার সকালে প্রেমিক হায়াত কাজীর মামা ও হরিদাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় প্রেমিকা শামীমা জাহানসহ অন্তত ৫ জনকে মারধর করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত রিমা আক্তার বলেন, “হঠাৎ করেই জয় কাজী তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৫ জন আহত হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে জয় কাজী বলেন, “কোনো মারধর করা হয়নি। মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি তা থামাতে যাই। আমি জনপ্রতিনিধি হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









