উৎসবমুখর পরিবেশ আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের ফাইনালে সদর উপজেলার চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। জমজমাট এ ম্যাচে ১-০ গোলে জয় পেয়ে আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খানম।
জেলার প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, যা শিশুদের ক্রীড়া চর্চা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









