যশোরে প্রধানমন্ত্রীর সফরের সময় সাত মাসের শিশু আন নাসরকে দেখে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই শুভেচ্ছার প্রতিদান হিসেবে কয়েকদিন পরই শিশুটির পরিবারের কাছে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এসব উপহার তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
ঘটনার শুরু গত সোমবার (২৭ এপ্রিল)। দিনব্যাপী সফরে যশোরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে রাস্তার পাশে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন আন নাসরের মা আফরোজ খানম নিলিমা। কোলে তার ছোট্ট সন্তান, হাতে একটি ফুল শুধু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আশায়।
হঠাৎ করেই সেই দৃশ্য নজরে পড়ে প্রধানমন্ত্রীর। গাড়ি থামিয়ে তিনি নেমে এসে শিশু আন নাসরের কাছে দাঁড়ান, কথা বলেন, ছবি তোলেন। কয়েক মুহূর্তের সেই মানবিক দৃশ্য তখন উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
কিন্তু গল্পটি সেখানেই থেমে থাকেনি। সফর শেষে ঢাকায় ফিরে গিয়েও সেই ছোট্ট শিশুটির কথা ভুলে যাননি প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় পৌঁছে যায় এই উপহার, যা শুধু কিছু সামগ্রী নয় বরং একটি পরিবারের জন্য এক গভীর আবেগের স্মারক।
শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার সন্তানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাওয়া আমাদের জন্য অন্যরকম সম্মান। আমি কখনো ভাবিনি, আমার সন্তানকে দেখে তিনি বাস থেকে নেমে আসবেন।”
শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু বলেন, “আমরা শুধু তাকে একবার দেখার স্বপ্ন দেখেছিলাম। আমার স্ত্রী সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিল সেই আশায়। কিন্তু আজ যে উপহার এলো, এটা যেন আরেকটা স্বপ্নের মতো। আমার জীবনের বড় একটি প্রাপ্তি হয়ে থাকবে এই ঘটনা।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









