পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালাবদ্ধ একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাসাটির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে বাসায় পাওয়া যায়নি।
শুক্রবার (১ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। সাজিদুর রহমান মজিদ উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এর বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মঠবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের রুমে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে শুক্রবার বিকেলে ৩০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আসামি এখনও পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









