কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী বেরিবাঁধকে ঘিরে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিবৃষ্টির ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় আশপাশের কয়েকটি গ্রামের পাকা ধান পানিতে তলিয়ে গেছে।
শনিবার (২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, বেরিবাঁধের কারণে হাওরের পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। ফলে বিস্তীর্ণ এলাকার কৃষিজমি পানিতে ডুবে গেছে। এতে কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই এলাকায় বেরিবাঁধ নির্মাণের তেমন প্রয়োজন ছিল না। বরং ভারীবর্ষণের সময় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করায় এটি এখন কৃষকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
রাউতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুর রহমান খান রুবেল বলেন, “চিকনী বেরিবাঁধের কারণে হাওরের কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এটি এক ধরনের কৃত্রিম দুর্যোগ।”
স্থানীয় কৃষক সাবিকুল ইসলাম বলেন, “আমাদের পাকা ধান পানিতে ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।”
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









