রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:৪৩ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১০:৪৩ পিএম

১৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনীর হাতে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাগেরহাটের শরণখোলার ৬ জেলে ছাড়া পেয়েছেন।

শনিবার (২ মে) সকালে তারা নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে তাদেরকে অপহরণ করেছিল ওই দুই বনদস্যু বাহিনী। দস্যুদের কবল থেকে ফিরে আসা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পানিরঘাট এলাকার জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীসহ ৬ জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। ১৩ দিন জিম্মি থাকার পর তাদের মহাজন মুক্তিপণের টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়ে এনেছেন।

ফিরে আসা অন্য জেলেরা হলেন আনোয়ার বয়াতী, কিবরুল, মহসিন ও আ. সালাম। তবে এদের মধ্যে এক জেলের নাম জানাতে পারেননি তিনি।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা বাজারের এক মৎস্য ব্যবসায়ী জানান, বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনী তার ৬ জেলেকে গত ২০ এপ্রিল মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে। দস্যুদের দাবীকৃত মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করার পর তারা জেলেদের ছেড়ে দেয়।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ওই মৎস্য ব্যবসায়ী জানান, বর্তমানে সুন্দরবনে চলছে দস্যুদের নীরব চাঁদাবাজিতে জেলে-মৌয়ালরা অসহায় হয়ে পড়েছেন। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়বে সেই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এখনো ৭ থেকে ৮ জন জেলে ও মৌয়াল দস্যু বাহিনীর আস্তানায় জিম্মি থাকার কথা জানিয়েছেন ঐ জেলেরা।

এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার খবর তার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি থানায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মি/শ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.