মুন্সিগঞ্জের শ্রীনগরে ধানের জমিতে সেচের কাজে ব্যবহৃত পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে প্রায় ১১০ একর আবাদি জমিতে পানির সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলার বাঘড়া ইউনিয়নের হাপমারা চকে সেচ স্কিমের দায়িত্বে থাকা ওই এলাকার আমির আলী ব্লকে এসে ট্রান্সফরমার মাটিতে পড়ে থাকতে দেখেন। এরআগে, শনিবার (২ মে) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
আমির আলী বলেন, “প্রতিদিনের মত সকালে পানির পাম্পে আসি। এদিন সকালে দেখি বিদ্যুৎ সরবরাহের খুঁটির ৩টি ট্রান্সফরমার মাটিতে পড়ে আছে। পরে সবাইকে চুরির বিষয়টি জানানো হয়। এ ঘটনায় পানি সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, এখানে অধিকাংশ জমিতেই আধা পাকা ধান রয়েছে। এ মূহুর্তে জমিতে প্রয়োজনীয় পানি রাখতে হয়। চোরেরা ট্রান্সফরমার চুরি করে নেওয়ায় সেচের দুটি পানির পাম্প বন্ধ আছে। এই ব্লক থেকে ৯ থেকে ১০ হাজার মণ ধান উৎপাদণ হয়। তবে সেচ বন্ধের কারণে ধান চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।
পল্লী বিদ্যুৎ সমিতির (ভাগ্যকুল-বালাশুর) সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় কোনো গ্রাহক আনুষ্ঠানিকভাবে জানায়নি। জানানো হলে প্রথমে থানায় অবগত করতে হবে। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাঈন উদ্দীন সাআদ জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে আমাদের কেউ জানায়নি।এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনই লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









