চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একসাথে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ মে ) সকালে শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামে ওই কৃষকের বাড়িতে গিয়ে নবজাতকদের খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের প্রান্তিক কৃষক তোহুরুল ইসলামের স্ত্রী সম্প্রতি একসাথে তিন সন্তানের জন্ম দেন। পেশায় কৃষক তোহুরুল দিনমজুরি ও কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান। অভাবের সংসারে একসাথে তিন সন্তানের আগমনে আনন্দ থাকলেও তাদের ভরণপোষণ ও চিকিৎসা খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছিল পরিবারটি।
খবর পেয়ে সোমবার সকালে নবজাতকদের বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম। তিনি মা ও শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রশাসনের পক্ষ থেকে শিশু খাদ্য (বেবি ফুড),নতুন পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন,"একসাথে তিনটি নবজাতকের ভরণপোষণ ও সঠিক যত্ন নেওয়া একজন প্রান্তিক কৃষকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। বিষয়টি জানার পর আমরা দ্রুত তাদের পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসন সব সময় অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এই পরিবারের যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।"
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। তারা মনে করছেন, এই সহায়তার ফলে অসহায় পরিবারটির দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









