নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) ভোর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় জাহিদ হাসান জনির বাড়িতে এই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি বিপুল পরিমাণ মাদকদ্রব্য টয়লেটে ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তল্লাশি অব্যাহত রাখে। পরবর্তীতে জনির মা জোসনা বেগমের কক্ষ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে জোসনা বেগম ও জনির সহযোগী তালহা নামে দুইজনকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, পলাতক জনিকে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে পেরন করা হচ্ছে এবং রূপগঞ্জকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









