সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ বেড়ে চলছে। গত চব্বিশ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় মাস বয়সী শিশু ওমর সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা, পাঁচ মাস বয়সী প্রিয়ম সরকার সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা ও আট মাস বয়সী রায়হান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। সোমবার ও মঙ্গলবার পৃথক সময়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে, গত চব্বিশ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। নতুন করে হাম শনাক্ত হয়েছে একজনের। এ পর্যন্ত ১২৮ জনের নমুনায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন এবং সিলেট জেলায় ৪০ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২০০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। বাকিরা এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









