নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কয়া মিস্ত্রিপাড়া বিশ্বরোড সংলগ্ন বসুনিয়া মোড় এলাকায় গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
সোমবার (৪ মে) দিবাগত রাতে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাতের হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে ততক্ষণে একই সারিতে থাকা অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের বহু বছরের সঞ্চয় ও ব্যবসার পুঁজি মুহূর্তেই আগুনে ধ্বংস হয়ে গেছে। কেউ কেউ জানান, দোকানে থাকা মালামাল, নগদ অর্থ ও আসবাবপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, ‘‘আমি বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হই। এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। আগুনের তাপ এতটাই বেশি ছিল যে কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। মুহূর্তেই কয়েকটি দোকান পুড়ে যায়।’’
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









