ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২৩ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য বিলকিস ইসলামকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে এসে পৌঁছালে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে তাকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিন আকতার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন প্রমুখ।
নবনির্বাচিত এমপি বিলকিস ইসলাম স্বপ্না বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেভাবে আমরা একসাথে কাজ করবো।”
জনগণের কাতারে গিয়ে সরকারের সফলতার কথা তুলে ধরার আহবান জানিয়ে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, “দল আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো। প্রতিটি ভালো কাজে আমাকে সাথে পাবেন আপনারা।”
তিনি আরো বলেন, “এখন থেকে আমাদের কাজ হলো সকল ভেদাভেদ ভুলে দল গোছাতে হবে। দলের সুনাম বৃদ্ধি করতে আমার কাজ হবে দল ও নেতাকর্মীদের পাশে থাকা। ১৭ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আমরা একসাথে ছিলাম, আগামীতেও একসাথে থেকে সরকার ও বিএনপির বিরুদ্ধে চলা ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”
তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জসহ পুরো নীলফামারী জেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার ও তিনি এলাকার সাধারণ মানুষের কল্যাণে সম্ভাব্য সবধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম পূর্বেও সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









