গোপালগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ডোমরাশুর এলাকায় অবস্থিত এফ এম ব্রিকস এবং গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এফ এম ব্রিকসকে ৪ লাখ টাকা এবং নিগি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটর ও পেলোডারের মাধ্যমে কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপালগঞ্জ জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









