গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংস হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।”
জামায়াতের এই নেতা বলেন, “কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ফোরকান মিয়ার পরিবারের সদস্যদের গলা কেটে হত্যা করা হয়েছে-যা অত্যন্ত নৃশংস, হৃদয়বিদারক ও মানবতাবিরোধী ঘটনা।”
তিনি উল্লেখ করেন, একটি স্বাধীন ও সভ্য রাষ্ট্রে একই পরিবারের এতজন মানুষকে এভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকেই নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।”
মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতির শেষাংশে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









