সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাতের আঁধারে পাউবোর নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধ কেটে দেয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুরের মধ্যের বাঁধটি কেটে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করে কৃষকদের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধটি পুনরায় মেরামতের আশ্বাস দিয়েছেন। এছাড়া বাঁধটি কেটে দেওয়া দুষ্কৃতিকারীদের সন্ধান ফেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, জয়পুর গ্রামের দক্ষিণ দিকে শনিবার দিবাগত রাতে উদগল হাওরের এই বাঁধটি কাটা হয়েছে। এতে উদগল হাওরের পানি ছায়ার হাওরে প্রবেশ করছে। তবে ধারনা করা হচ্ছে আশেপাশের গ্রামের লোকজনই হয়তো মাছ ধরার জন্য এমন কাজটি করেছে। তবে এই বাঁধের পানি প্রবেশ বন্ধ করা না হলে ফসলের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। শাল্লা থেকে যোগাযোগের মাধ্যম একমাত্র এই বাঁধটিই।
ছায়ার হাওরের কৃষক সবিনয় শীল জানান, এমনিতেই অতিবৃষ্টিতে আমাদের ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আবহাওয়া ভাল হওয়ায় পানি কমে উঁচু জায়গার জমি ভাঁসতে শুরু করেছে। কিছুটা হলেও ঘরে ফসল তোলা সম্ভব হবে। এরই মধ্যে আবার রাতের আধারে কে বা কারা হাওরের বাঁধ কেটে দিয়েছে। এই বাঁধে দিয়ে পানি প্রবেশ করে কৃষকদের যে অবশিষ্ট ফসলগুলো রয়েছে এগুলোও তলিয়ে যাবে।
পাউবো'র উপ-সহকারি প্রকৌশলী ওবায়দুল হক জানান, রাতের আঁধারে কে বা কারা বাঁধটি কেটে দিয়েছে। খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং পুনরায় মেরামতের জন্য কাজ চলছে। আজকের মধ্যেই ভাঙ্গা বন্ধ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, কেটে দেওয়া বাঁধটি মেরামতের কাজ চলছে। আশা করা যাচ্ছে আজকে মধ্যেই বাঁধের ভাঙ্গা বন্ধ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









