নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার নামে রূপগঞ্জের হাজার হাজার পরিবারের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, তিতাস গ্যাসের নীরব সম্মতি ছাড়া এত বড় অনিয়ম কোনোভাবেই সম্ভব নয়। তাই রূপগঞ্জের সকল আবাসিক গ্যাস সংযোগ দ্রুত বৈধ করতে হবে। অন্যথায় শিল্প কারখানায় গ্যাস সরবরাহও বন্ধ রাখার দাবি জানানো হবে।
কর্মসূচির অংশ হিসেবে কাঞ্চন পৌরসভার কেরাবো, কালাদী, ত্রিশকাহানিয়া ও চিনতলা এলাকায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিটি এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









