কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশু ও কটিয়াদীতে দেওয়াল ধসে আরাবি (১১) নামের এক এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) সকালে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাসিন্দা টিপন সাহার ছেলে ঋত্বিক সাহার গলায় লিচু আটকে মৃত্যু হয়। ঋত্বিক পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ঋত্বিকের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব এসব তথ্য নিশ্চিত করে বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”
অপরদিকে, কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়াল ধসে আরাবি (১১) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিশুটি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। রবিবার (১০ মে) সকালে ঢাকা পিজি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় দেওয়াল ধসে গুরুতর আহত অবস্থায় আরাবিকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলে সেখানে রবিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত আরাবির পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় আরাবি একই এলাকার একটি বাসার আমগাছ থেকে বন্ধুর সঙ্গে আম পাড়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় তার এক বন্ধু দেওয়ালে ওঠার সময় পুরাতন নড়বড়ে দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে নিচে অপেক্ষমাণ আরাবির শরীরে দেওয়ালের অংশ পড়ে গেলে সে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









