নীলফামারীর সৈয়দপুরে কারিগরী শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে সোমবার (১১ মে) বিমানবন্দর সড়কের নিচু কলোনী এলাকায় অবস্থিত কারিগরি ও পেশাজীবী প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান আমদা ইন্সটিটিউট অব প্রফেশনালস (এআইপি)-এর নিজস্ব কার্যালয়ে ওই আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিচালিত "অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে দক্ষতার ত্বরান্বিতকরণ" (এএসএসইটি) প্রকল্পের আওতায় ইবিটি কর্তৃক পরিচালিত পাঁচটি অকুপেশনে ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে আমদা রিসার্চ ফাউন্ডেশন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল-৪, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল-২, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন লেভেল-২, রড বাইন্ডিং (রড মিস্ত্রি) লেভেল-২, মেসন (রাজমিস্ত্রি) লেভেল-২ বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদা রিসার্চ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান আকবর হোসেন, সমাজসেবক মো. সাজু আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাকিল আমজাদ আজিজি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইপি’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জাহিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. রশিদুল হক সরকার বলেন, বর্তমান সময়ে দক্ষতা উন্নয়নই সবচেয়ে বড় শক্তি। কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি বলেন, “দক্ষতা নির্ভর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের যথাযথ মূল্যায়ন করতে পারলে আগামী প্রজন্ম আরও স্বাবলম্বী হয়ে উঠবে।”
অন্যান্য বক্তারা বলেন, বর্তমান যুগে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল জাতি গঠনে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আমদা ইন্সটিটিউট অব প্রফেশনালস (এআইপি) দীর্ঘদিন ধরে সৈয়দপুর অঞ্চলে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এদের প্রধান লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি, হেলথ টেকনোলজি, নার্সিং, প্যাথলজি এবং অন্যান্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স, পেশাদার দক্ষতা উন্নয়ন, চাকরির বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় আধুনিক দক্ষতা যেমন আইটি প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন, এবং ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে থাকে।
আমদা রিসার্চ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান আকবর হোসেন বলেন, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে চাকরির জন্য সহায়তা করা তাদের একটি বড় কাজ। বিশেষ করে বিদেশে (যেমন মধ্যপ্রাচ্য বা পূর্ব এশিয়া) দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা আমদা ভূমিকা রাখছি। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছি। আমরা মূলত দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা করছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









