দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা ও সৎ ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া মৌজার টেপাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দুলুর দুই সংসার ছিল। প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। সম্প্রতি দুলু প্রথম পক্ষের দুই ছেলের নামে কিছু জমি লিখে দিলে সেই জমির ভাগ দাবি করেন দ্বিতীয় পক্ষের সন্তানরা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার সকালে দুলু ও তার দুই ছেলে হাবিল এবং কাবিল ভুট্টাখেতে কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় পক্ষের দুই ছেলে সেখানে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুলুর মৃত্যু হয়। গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









