লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটা ও বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রতিহত করেছে সীমান্তে থাকা স্থানীয় বাংলাদেশিরা।
মঙ্গলবার(১২ মে) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এসময় কয়েকজন বিএসএফ সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে, বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে বাংলাদেশিদের দিকে তেড়ে আসার চেষ্টা করলে দুই দেশের মানুষ সীমান্তের জিরো পয়েন্টে মুখোমুখি অবস্থানে চলে আসে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা কাঁটাতারের ভেতরে ফিরে যায়।
গরুর মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘‘আমার গরুগুলো সীমান্তে ঘাস খাচ্ছিল। বিএসএফ হঠাৎ এসে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে নারীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে সীমান্ত এলাকার কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বাধা দেন।’’
উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে তবে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









