ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী, রিং ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার পদ্মা নদীর কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাটসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ৬৭টি চায়না দুয়ারী জাল, ৩টি গুটি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, নদীর জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









