নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটছে। এক সপ্তাহের ব্যবধানে এটি তিন নম্বর দুর্ঘটনা।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
সহকর্মীরা জানান, মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









