পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, গলাচিপা উপজেলার মো. কবির হোসেন এবং পটুয়াখালী পৌর শহরের যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ী ও এক চাকরিজীবীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা আদায় করে। আপত্তিকর ভিডিও ধারণের পর ভুক্তভোগী মো. শহীদুলকে ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের মাধ্যমে একটি সালিশি বৈঠকে বিষয়টি সামনে এলে সেখানে অভিযুক্তদের স্বীকারোক্তি পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









