নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামের এক ডিশ লাইন ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফতুল্লার চানমারী মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম। এ সময় পাশ্ববর্তী একটি বাড়ির ভিতর থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরা একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









