পটুয়াখালীর দশমিনায় এসএসসিতে শতভাগ ফেল করা পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার আলীপুরা ইউনিয়নের ডাক্তারের হাট এলাকায় ওই বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন ইউএনও।
ইউএনও শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান ও সার্বিক পরিবেশ বজায় রাখা, অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
ইউএনও বলেন, “বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়টির বাস্তব চিত্র দেখার চেষ্টা করেছি। শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষা দান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ কল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, গত বছর ২০২৫ সালে বিদ্যালয়টি থেকে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









