বরগুনাসহ দেশের উপকূলীয় জেলাগুলোকে নিয়ে ‘ডেভেলপমেন্ট অথরিটি' বা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, “সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটা মন্ত্রণালয় করার জন্য দাবি জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে কাজ করছেন। আমি তার কাছে বলেছি যে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে তিনটি উপজেলা নিয়ে। আমাদের কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত সব জেলা সাগরের পাড়ে। দেশের মানুষকে বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলেই আছে। এখানে আমরা ইকোনমিক জোন করতে পারি, হাজার লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান দিতে পারি। আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, পর্যটন শিল্প গড়ে তুলতে পারি। সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত আরো অনেক কিছু করতে পারি। ডিপ সি পোর্ট করতে পারি। তাই মন্ত্রণালয় না পারলেও এটা উপকূলীয় জেলাগুলোকে নিয়ে যদি একটা ডেভেলপমেন্ট অথরিটি করা হয় তাতেও আমরা অনেক টাকা বরাদ্দ আনতে পারব।”
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। দেশকে দুভাগ করেননি, চেতনা বিক্রি করেননি। কিন্তু বিগত দিনে এদেশের মানুষ চেতনা বিক্রি করতে করতে নিজেরা বিক্রি হয়ে গেছে। তারা কাজ করেছে এখানে, সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। সে সম্পদ তারাও খেতে পারবে না, এ দেশের মানুষ বঞ্চিত হলো।”
বুধবার সরকারি সফরে বরগুনা আসেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। পরে আজ সকালে বরগুনা জেলা প্রশাসনে সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক সভায় অংশ নেয়।
এরপর দুপুরে জেলা আইন শৃঙ্খলা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিক সঙ্গে মতবিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









