ময়মনসিংহের গৌরীপুরে বৈধ লাইসেন্স না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
আদালত সূত্র জানায়, গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোড ও ধানমহাল এলাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তল্লাশি চালানো হয়। এ সময় হাসপাতাল রোডের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’ ও ধানমহাল এলাকার ‘ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ কর্তৃপক্ষের কাছে কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। এ অপরাধে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া হাসপাতাল রোডের ‘মা প্যাথলজি ল্যাবরেটরি’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এ কারণে ওই প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে শহরের অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিক ও কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন। ফলে হাসপাতাল রোডের অধিকাংশ ল্যাব সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, লাইসেন্সহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজ অভিযানের মুখে যারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছেন, পরবর্তীতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









