শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ‘কালা হাসান’ নিহত

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ‘কালা হাসান’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ মে) সকালে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ‘কালা হাসান’ পূর্বে ডাকাতবাহিনী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বাড়ি নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ৬৩৪ নম্বর শেডে। তিনি সুলতান আহমেদের ছেলে।

এপিবিএন সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় ক্যাম্পে প্রবেশ করে হাসান আহমেদকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তার বুকের ডান পাশে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার পর সন্ত্রাসীরা ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে স্থানীয় রোহিঙ্গারা আহত হাসানকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পসংলগ্ন জি/কে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, ক্যাম্পের আধিপত্য বিস্তার, মসজিদ কমিটি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা বলে মুচনী রেজিস্টার্ড ক্যাম্পের কমিটির এক সদস্য রাতে হাসানকে ডেকে নেন। পরে আগে থেকে ওত পেতে থাকা সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ৬ থেকে ৭ জন সশস্ত্র সদস্য তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

খবর পেয়ে নয়াপাড়া এপিবিএন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টেকনাফ মডেল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

এপিবিএন জানিয়েছে, নিহত হাসান পূর্বে ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং দুটি অপহরণ মামলা রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

শা/ক/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.