নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার (১৫ মে) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বড়ভাই উজ্জ্বল পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক নানা বিষয় নিয়ে কয়েকদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা ও ঝগড়া চলছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ছয়টার দিকে পরিবারের ভেতরে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল ঘরে থাকা ধারালো বটি দিয়ে ছোটভাই মোহনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনার পর পরিবারের সদস্যরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









