নীলফামারীর সৈয়দপুরে এক স্কুলছাত্রীকে খেলনার স্টিকার দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকায় সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন একটি দোকানে ওই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মহন্ত (৭০)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সৈয়দপুরের মুন্সিপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন এবং স্থানীয়ভাবে একটি খেলনা ও খাতা-কলমের দোকান পরিচালনা করতেন। বিকেলে দোকানে খেলনার স্টিকার কিনতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে দোকানের ভেতরে ডেকে নেন। পরে খেলনার স্টিকার দেওয়ার কথা বলে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পরবর্তীতে ভুক্তভোগীর বাবা সৈয়দপুর থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখায়।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু বিচার চাই। দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









