বরগুনার বেতাগী সদর ইউনিয়নের বেইলিব্রিজ এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সাথে একা বীরত্বপূর্ণ লড়াই করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন গৃহকর্তার পুত্র মো. রিফাত বিন রিমন (২৫)। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে ওই এলাকার খলিল পুলিশের ঘরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করলে খলিল পুলিশের ছেলে রিমন একাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ১০ জন সশস্ত্র ডাকাতের সাথে রিমন একা ধস্তাধস্তি ও লড়াইয়ে লিপ্ত হলে একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
রিমনের বীরত্বপূর্ণ বাধার পরও ডাকাত দল ঘর থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রিমনকে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে বেতাগী থানার ওসি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









