নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও কর্মঘণ্টা বাস্তবায়নের দাবিতে থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে ফতুল্লার রামারবাগ এলাকার একটি মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “বাংলাদেশে সাড়ে ৭ কোটি শ্রমিক রয়েছে। শ্রমিকের কল্যাণের কথা বলা হলেও বাস্তবে তাদের সমস্যার সমাধান হয়নি। ন্যায্য মজুরি থেকে শুরু করে ৮ ঘণ্টা কর্মঘণ্টা কোথাও নিশ্চিত করা হয়নি। কোথাও কোথাও শ্রমিকদের ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়।”
আতিকুর রহমান আরও বলেন, “শ্রমিক ছাঁটাই বন্ধ হয়নি বরং যেকোনো সময় ছাঁটাই করা হচ্ছে। উৎসবের সময়েও অনেক কারখানায় ছুটি দেওয়া হয় না, যা মানবিকতার পরিপন্থি। সামনে জাতীয় বাজেট আসছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগেই বাজেট প্রস্তাবনা দেবে।”
তিনি বলেন, “শ্রমিকরা কোনো কার্ড ভিক্ষা চায় না, তারা চায় ন্যায্য অধিকার, ইনসাফ ও সামাজিক মর্যাদা। শ্রমিক আন্দোলনের নামে চাঁদাবাজি, দখলবাজি ও শোষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচলিত ধারার কোনো শ্রমিক সংগঠন নয়। আমরা শ্রমিক ও মালিকের পারস্পরিক সম্পর্ক ও শিল্প টিকিয়ে রাখার পক্ষে কাজ করছি।”
সমাবেশে জানানো হয়, জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের শ্রমিকদের অবদান রয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনে আরও সংগঠিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুশ শাকুর।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সাল, মহানগর সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না, জেলা সেক্রেটারি মো. রেদোয়ানুল আজিম, মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









