রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এমপি বাবরের

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:৫১ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৯:৫১ পিএম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এমপি বাবরের

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার সন্তান কিংবা পরিবারের কেউ জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে।

রবিবার (১৭ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বাবর বলেন, “আমাদের অঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এমনকি হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও মাদকে জড়িয়ে পড়ছে। এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নিয়মিত মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি আমার নিজ ইউনিয়ন মাঝিগাতি থেকেই মাদক নির্মূল অভিযান শুরু করতে চাই। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে। মাদক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সন্তানদের বাঁচাতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

সংসদ সদস্য এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, “মাদকবিরোধী অবস্থানে আমি আপনাদের পাশে আছি। কেউ ভয় পাবেন না। সে যে পরিবারের বা বংশেরই হোক না কেন, অপরাধ করলে ছাড় পাবে না।” 

বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে ডা. বাবর বলেন, “এ বিদ্যালয় আমার নিজের শিক্ষাপ্রতিষ্ঠান। এখানেই আমি পড়াশোনা করেছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, আমি তা করবো। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে চাই।”

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামাল হোসেন খান ও প্রাক্তন ছাত্র মো. মহব্বত আলী খান। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা।

এর আগে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা প্রদান করেন।

ফ/গো/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.